সিলেটে বালি-পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সুনামগঞ্জে শুরু হয়েছে তিনদিনের ধর্মঘট।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে শহরের ওয়েজখালী এলাকায় ট্রাক টার্মিনালে বিক্ষোভ মিছিল করেন জেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। এসময় সুনামগঞ্জ থেকে সবজিবাহী পিকআপসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বহনকারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল জাহান, সদর উপজেলা শাখার সভাপতি মছব্বির মিয়াসহ শ্রমিকনেতা সদরুল ইসলাম, জাবেদীন আলম প্রমুখ।
শ্রমিক ও মালিকরা বলেন, সিলেটের বালি পাথর মহাল ও কোয়ারিগুলো বন্ধ থাকায় হাজার হাজার ট্রাকমালিক শ্রমিকরা এক বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন। ট্রাক পিকআপ এর ব্যাংক কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় শ্রমিক মালিকদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হচ্ছে। হাজার হাজার মালিক পথে বসেছেন।
তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা মালিকদের এ অবস্থা চলতে পারে না। অবিলম্বে সিলেট বিভাগের সকল পাথর কোয়ারি ও বালি-পাথর মহাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বালি পাথর উত্তোলনের ব্যবস্থা করে দিতে হবে। তা নাহলে আগামীতে পরিবহণ শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সারাদেশের পণ্য পরিবহন বন্ধ করে দেবে।
এসময় তারা জানান, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে।
