ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর প্রকাশের পর যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ডস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং নতুন ধরনের করোনা শনাক্তের বিষয়ে তারা অবগত আছেন। খবর বিবিসি, এএফপির।
আগে যে ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তার চেয়ে নতুন ধরনের এই কোভিড-১৯ ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের ভাইরাস আরও বেশি প্রাণঘাতী নয়। নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বের একটি বড় অংশ জুড়ে নতুন করে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এক টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন ভাইরাসের বিষয়ে তাদের যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে তাদের জানানো হয়েছে। ভাইরাসের পরিবর্তন সম্পর্কে চলমান গবেষণা সম্পর্কে যুক্তরাজ্য বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আগের করোনাভাইরাসের চেয়ে নতুন ধরনের ভাইরাসটির ৭০ শতাংশের বেশি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, নতুন ধরনের এই ভাইরাস আগের ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিমিখিজে এক টুইটে বলেছেন, আমাদের জিনোমিক বিজ্ঞানীরা সার্স-কভ-২ ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত করেছে।
এটিকে ডাকা হচ্ছে ৫০১.ভি২ ভ্যারিয়ান্ট হিসেবে। তিনি আরও লেখেন, সংগৃহীত প্রমাণের ভিত্তিতে জোরালো ইঙ্গিত মেলে যে, আমাদের এখানে দ্বিতীয় দফা সংক্রমণের পেছনে ভাইরাসটির এই নয়া স্ট্রেইনই দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারীবিদ মারিয়া ভানকের খোভ বলেন, আমাদের সার্স-কভ-২ ভাইরাসের বিবর্তন দলটি তাদের সঙ্গে কাজ করছে।
তারা সংক্রমণের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভাইরাসটির আচরণে কোনো পরিবর্তন এসেছে কি না তা নির্ধারণে গবেষকদের সঙ্গে মিলে কাজ করছে।
