রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অসুস্থ এক শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদানে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চাইলে বিড়ম্বনার শিকার হয় ভুক্তভােগী ওই শিক্ষার্থী।
বিষয়টি নিয়ে গতরাত হতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শিরিনা খাতুন লিমা। তিনি বিশ্বিবদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী হোসনে সাদিয়া নিতু জানান, ভুক্তভোগী শিক্ষার্থী গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে যায়। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্মরত চিকিৎসক ওষুধ আর ইনজেকশন দেন। এতে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে সেই শিক্ষার্থী।
তিনি বলেন, ”পরে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তাকে মেডিকেলে নিতে সেখানে কর্মরত একজনের কাছে অ্যাম্বুলেন্স চাই। এসময় তিনি বলেন প্রক্টরের অনুমতি ছাড়া অ্যাম্বুলেন্স দেয়া যাবে না। পরে প্রক্টরকে ফোন দিলে তিনি বলেন, ‘ওখানকার লোক যদি না দেয় আমি কি করতে পারি বলো?’ পরে বেশ কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স দেয়া হয় বলে জানান ওই শিক্ষার্থী।”
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলছেন, ‘একজন শিক্ষার্থী কতোটা গুরুতর অসুস্থ সেটা ডাক্তারই ভালো বুঝবেন। অ্যাম্বুলেন্স তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্যই। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স দিতে প্রক্টরের অনুমতি কেনো নিতে হবে? এটার সিদ্ধান্ত চিকিৎসকরাই নিবেন।’
প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স অবশ্যই ব্যবহার করতে পারবে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারও অনুমতির প্রয়োজন নেই। এটা তাঁদের অধিকার।’
বিড়ম্বনার বিষয়ে তিনি বলেন, আমি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের সাথে এ বিষয়ে কথা বলেছি। আশা করছি অ্যাম্বুলেন্স পেতে শিক্ষার্থীরা আর কোন বিড়ম্বনার শিকার হবে না।
জানতে চাইলে চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা বন্ধ আছে। তবুও আমরা চিকিৎসা সেবা দিয়েছি। অ্যাম্বুলেন্সের জন্য হল প্রাধ্যক্ষের অনুমতি লাগে। যেহেতু হল বন্ধ তাই কর্মরত গার্ডরা প্রক্টরের কাছে অনুমতি নিতে বলেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর আমার সাথে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা চিকিৎসা সেবার জন্য এখন থেকে তৎক্ষনাৎ অ্যাম্বুলেন্স পাবেন।
