লিওনেল মেসির দুর্দান্ত গোলে জয়ে ফিরল বার্সেলোনা। শেষ দুই ম্যাচে হার দেখেছেন কাতালানরা। রবিবার রাতে লা লিগায় ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছিল বার্সা। এদিন ত্রাতা হয়ে এলেন বার্সার প্রাণভ্রমরা মেসি। মেসির গোলে লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর এই গোল করে অনন্য এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মেসি। তা হলো- একই ক্লাবের হয়ে করা ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ ৬৪৩ গোলের কীর্তিকে ছুঁয়ে ফেলবেন মেসি।

১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত স্বদেশি ক্লাপ সান্তোসের হয়ে খেলেছেন কালোমানিক পেলে। সেখানে ৬৪৩ গোল করেছেন পেলে। আর রবিবারের গোলসহ মেসির সংগ্রহে এখন ৬৪২টি। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে লেভেন্তের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। তবে সেভাবে গোলের দেখা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

বার্সার আক্রমণের দূরবস্থা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধেও। একের পর এক সুযোগ মিস করেছে বার্সা। তবে ৭৬ মিনিটে লেভান্তের অর্ধে ব্র্যাথওয়েট থেকে বল পেয়ে ডি ইয়ং দুর্দান্ত নৈপুণ্য দেখান। বল পাস দেন মেসিকে। আর দুর্দান্ত শটে লেভেন্তের এইতর ফার্নান্দেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন মেসি।

এই জয়ের পর ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আটে উঠেছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে মেসির দল।