জোড়া গোলের ভেলকি দেখিয়েই চলেছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি থেকে পাওয়া রোনাল্ডোর জোড়া গোলে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে হারায় জুভেন্টাস। এবার লিগ ম্যাচে পর্তুগিজ যুবরাজের জোড়া গোলে জেনোয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতলেন জুভিরা।
এবারের জোড়া গোলও পেনাল্টি থেকে করেছেন রোনাল্ডো। রবিবার রাতে ম্যাচের প্রথমার্ধে বলার মতো কিছুই ঘটেনি। জেনোয়ার ৪-৪-২ ফরম্যাটের ডিফেন্সিভ মুডের সামনে ব্যর্থ হন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা আর রোনাল্ডো।
গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নেমেও খোলস থেকে বের হতে চাচ্ছিল না জেনোয়া। তবে জেনোয়ার গোল খেতে না চাওয়ার অদম্য প্রচেষ্টা ব্যর্থ করে দেন দিবালা।
ম্যাচের ৫৭ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির সহায়তায় মৌসুমের প্রথম গোল পেয়ে যান দিবালা। তুরিনের দলকে লিড এনে দেন দিবালা। তবে জুভেন্টাসের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই গোলের মাত্র ৪ মিনিট পরেই জুভেন্টাসের সাবেক ইতালিয়ান মিডফিল্ডার স্টেফানো স্টুরারোর গোলে সমতায় ফেরে জেনোয়া।
চলতি মৌসুমে জুভেন্টাস থেকে ধারে নেয়া খেলোয়াড় লেফটব্যাক লুকা পেলেগ্রিনির মাপা ক্রসে স্টুরারো পা ছুঁলে তা জুভেন্টাসের জালে জড়িয়ে যায়। ১-১ সমতায় খেলা চলে অনেকক্ষণ। তবে শেষ ১২ মিনিটে জাদু দেখানো শুরু করেন রোনাল্ডো।
৭৭ মিনিটে জেনোয়ার মিডফিল্ডার নিকোলো রোভেল্লা বক্সের মধ্যে জুভেন্টাসের রাইটব্যাক হুয়ান কুয়াদ্রাদোকে ফেলে দিলে বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৮৯ মিনিটের দিকে বক্সের মধ্যে জুভেন্টাস তারকা আলভারো মোরাতাকে ফাউল করে বসেন গোলরক্ষক মাত্তিয়া পেরিন।
ফের রেফারির বাঁশি। ফের স্পটকিক থেকে শট নেন রোনাল্ডো। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সিআর সেভেন। এর পর রেফারির বাঁশিতে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এ জয়ের পর ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ অবস্থানে আছে জুভেন্টাস। চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে এসি মিলান।
