পঞ্চগড়ে আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় আটোয়ারী উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার ( ১৩ ডিসেম্বর) আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতা শেষে আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায়, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহল।
বক্তারা মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখে প্রশংসা করে বলেন, আজকের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলায় একটু মনোযোগী হলে একদিন জাতীয় পর্যায় হতে আন্তর্জাতিক পর্যায়ে পৌছাতে পারবে আশা করা যায়।
আলোচনা শেষে প্রতিযোগিতায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ও আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলকে রানার্স আপ ঘোষনা করে পুরস্কার হিসেবে দু’দলকে ট্রফি প্রদান করা হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়সহ অন্যান্য খেলোয়াড়দের শুভেচ্ছা পুরস্কার, খেলা পরিচালনাকারীদের শুভেচ্ছা স্মারক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
