ভোর থেকেই কৃষক ও পাইকারদের হাঁকডাকে জমজমাট ঢাকা-আরিচা মহাসড়কের বাডবাউর বৃহৎ সবজির আড়ত। চলতি সপ্তাহে সবজির দাম কমায় হতাশ কৃষক। আর কম দামে টাটকা সবজি কিনতে পেরে খুশি দূর-দূরান্তের পাইকার ও সাধারণ ভোক্তারা।

কুয়াশা ঢাকা ভোরে উৎপাদিত সবজি নিয়ে মানিকগঞ্জের বাডবাউর সবজির আড়তে আসেন কৃষক। পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বরবটি, করলাসহ নানা ধরনের সবজি। এসব সবজি কিনতে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা।

সবজির সরবরাহ ভালো। তাই দাম কমে আসায় কৃষকরা উৎপাদনের খরচ তুলতে পারছেন না বলে দাবি তাদের। অন্যদিকে, দাম নিয়ন্ত্রণে ও টাটকা সবজি পেয়ে খুশি পাইকার ও সাধারণ ভোক্তারা।

তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও পয়ঃনিষ্কাশনসহ আড়তের নানা সমস্যার কথা জানিয়েছে আড়ত কমিটি।

মানিকগঞ্জ সবজি আড়ত সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদ উদ্দিন আহমেদ রকি বলেন, রাস্তাঘাট ঠিক করা দরকার। পাইকারদের গাড়ি পার্কিং করার জন্য জায়গার দরকার।

প্রতিদিন এ আড়তে অর্ধশতাধিক আড়তদার ও ৫ শতাধিক পাইকারের মাধ্যমে ৮০ থেকে ৯০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।