কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারিদের বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশব্যাপী বিজয় উদযাপনে বৃহস্পতিবার যে আয়োজন করা হয়েছে তাতে অংশ নিচ্ছেন এরদোগান। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে, সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয়।

বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে। এরদোগানের আগমনের পূর্বে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্য দিয়ে বন্ধু দেশের গৌরবময় এ বিজয় একসঙ্গে উদযাপনের সুযোগ তৈরি হলো।

আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজ ও প্রদশর্নীতে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করবেন। আর্মেনিয়ার সঙ্গে গত ছয় সপ্তাহের যুদ্ধকালে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। দেশটির সেনাবাহিনীর শক্তি জোরদারে সিরিয়া থেকে তুরস্ক ভাড়াটে সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ উঠলে আঙ্কারা তা অস্বীকার করে।

সাবেক সোভিয়েতভুক্ত ককেশাস অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরও সম্প্রসারিত করতে চায়। নাগোরনো-কারাবাখের এ বিজয় ভূ-রাজনৈতিকভাবে এরদোগানের অবস্থানকে আরও জোরালো করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন।