ভাইয়ের বন্দনা করতে গিয়ে বিতর্কিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বোন। মেসির সঙ্গে একটি ছবিতে রোনালদোর শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিতর্কে তিনি। ছবিটিতে মেসিকে মাথা নিচু করে থাকতে দেখা গেছে। ছবিটি প্রকাশের পর এলমা দোস সান্তোস আভেইরোকে নিয়ে বেশ জোরেশোরেই সমালোচনা চলছে।
সম্প্রতি বুধবার পেনাল্টি থেকে পাওয়া জোড়া গোলে রোনালদোর য়্যুভেন্তাস জিতে যায় বার্সার বিপক্ষে। ইতালিয়ান ক্লাবটি ৩-০ গোলে জিতে নেয় ম্যাচটি। তবে ম্যাচের পর রোনালদো বলেন, মেসির সঙ্গে তার কোনো শত্রুতা নেই। মেসিকে প্রতিদ্বন্দ্বীও ভাবেন না কখনো।
রোনালদো যাই বলুন, তার সঙ্গে লড়াইটা লাগিয়ে দিয়েছেন এলমা। তিনি ম্যাচের পর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, গোলের পর রোনালদো যেভাবে উৎসব করেন, সেই ভঙ্গিতে একটি গির্জায় দাঁড়িয়ে রয়েছেন। আর তার সামনে মেসি হাঁটু মুড়ে বসে প্রার্থনা করছেন।
সঙ্গে এলমার মন্তব্য, ‘আমার রাজা। চির শ্রেষ্ঠ। আমার গর্ব।’
ভাইয়ের শ্রেষ্ঠত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এটিই প্রথম নয় ৪৭ বছর বয়সী এলমার।
