আজ ৮ ডিসেম্বর, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদারবাহিনীর কবল থেকে মুক্ত মৌলভীবাজার। ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ হামলার মুখে চরমভাবে মার খেয়ে পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকলে প্রতিদিনই বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার আকাশে।
ডিসেম্বরের ২ তারিখ রাতে মৌলভীবাজারের পূর্ব সীমান্তে শমসেরনগর বিমানবন্দর ও চাতলাপুর বিওপিতে হানাদারদের ওপর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মিলিত আক্রমণ শুরু হয়। তীব্র আক্রমনের মুখে শত্রুসেনারা টিকতে না পেরে মৌলভীবাজার শহরে তাদের ব্রিগেড হেড কোয়ার্টারে ফিরে যায়। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী মৌলভীবাজার দখলের উদ্দেশ্যে চার ডিসেম্বর বিকেল ৪টার দিকে শহর থেকে ৪ কিলোমিটার দূরে কালেঙ্গা পাহাড়ে অবস্থান নেয়। এখানে বড়টিলা এলাকায় পাকিদের সঙ্গে তাদের যুদ্ধ হয়। যুদ্ধে মিত্রবাহিনীর ১২৭জন সেনা শহীদ হন।
পাঁচ ডিসেম্বর থেকে হানাদার বাহিনীর প্রতিরক্ষা ব্যূহ ভেঙে পড়তে শুরু করে। ফলে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ হামলা প্রতিরোধ করতে তারা ব্যর্থ হয়। এঅঞ্চলের পরাজিত পাকি সৈন্যরা তখন সিলেট অভিমুখে পালাতে শুরু করে। এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে বহু সাধারণ মানুষ নিহত ও জখম হয়।
সিলেটে যাওয়ার পথে তারা শেরপুরে অবস্থান নেয়। পরে অবস্থান নিরাপদ নয় মনে করে সিলেট চলে যায়। ঘাতক বাহিনীর পিছু হটার ফলে আট ডিসেম্বর ঊনিশশ’ একাত্তর পুরো মৌলভীবাজার হানাদারমুক্ত হয় এবং আকাশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। আট ডিসেম্বরের স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ একজন মুক্তিযোদ্ধা বলেন, ঊনত্রিশ নভেম্বর ঊনিশশ একাত্তর সাল।
ভারতীয় বাহিনী ও মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে পূর্বের পরিকল্পনা অনুযায়ী চাতলাপুর বিওপি, আলীনগর বিওপি ও টিলাবাড়ি কালিপুর থেকে ২ ব্যাটারী আর্টিলারী গান দিয়ে চাতলাপুর আলীনগর সরাসরি আক্রমণ করি। অন্যদিকে কমলপুর থেকে ধলই কুরমা যৌথভাবে আক্রমণ করি। আট ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত হয়ে যায়।
