কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও মূলহোতাদের দ্রুত গ্রেফতারে দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও সন্তান কমান্ড মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, মো. সিরাজ মিয়া ছুনু, আব্দুল হান্নান, মঈন উদ্দিন, শাহ আনিস আলী, মো. আলী নূর, হাবিবুর রহমান, ওহির মিয়া, টেনাই উল্লাহ আব্দুর রহিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, শ্যামল দেবনাথ, মো. মিজানুর রহমান, আব্দুল হান্নান, মো. আনোয়ার হোসাইন, শামসুল ইসলাম, বদরুল ইসলাম, অধর সিং প্রমুখ।
এসময় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না; সেই জাতির পিতার ভাস্কর্য ভাঙার ধৃষ্টতাপূর্ণ আচরণ যারা করেছে তারা দেশ-জাতির শত্রু।
প্রতিক্রিয়াশীল মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। যারা দেশের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারছে না তারাই আজকে জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে তাদের এ অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
