২০১৯ সালের শুরুতে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিন অলরাউন্ডার জোহান বোথা। এর পর থেকে কোচিং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় কাটছিল তার।

বর্তমানে তার বয়স ৩৮। আর এই বয়সে হঠাৎ করেই ফের ২২ গজে ফিরতে যাচ্ছেন এই প্রোটিয়া তারকা। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে নয়; এবার খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে।

এবারের বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অফ স্পিনার। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকবেন বলে তার বদলি হিসেবে বোথাকে নেয়া হয়েছে।

২০১৯ সালের জানুয়ারিতে হারিকেন্সের হয়েই ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছিলেন বোথা। অনেকটা আচমকাই সেবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ঘরোয়া ফার্স্ট ক্লাব প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।

এবার ব্যাট-বল হাতে মাঠে নামার বিষয়ে বোথা বলেছেন, ‘কোচিং করানোর সময় নেটে বল করি। ৩ ঘণ্টার মতো ম্যারাথন দৌড়ে নিজেকে তৈরি করেছি। অনুশীলনে দেখতে পাচ্ছি, যে কোনো সময়ের মতোই ফিট এখন আমি এবং এখনও দলে যথেষ্ট অবদান রাখতে পারব বলে অনুভব করছি।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি খেলেছেন বোথা। ৩৪টি আইপিএল ম্যাচও খেলেছেন এই অলরাউন্ডার।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস