সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় সবজি বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা।
জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সবজি বোঝাই কাভার্ডভ্যান এবং দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের সাথে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। এ সময় সিএনজিযাত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন ও সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।