রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে তিন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো হল- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও রিফিউজি ইন্টারন্যাশনাল। নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিবৃতির মাধ্যমে সংস্থাগুলো এ আহ্বান জানায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রচারক সাদ হামাদি বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের পূর্ণ সম্মতি ছাড়াই তাদেরকে ভাসানচর বা অন্য কোনো স্থানে স্থানান্তর পরিকল্পনা করা ঠিক হবে না।

এক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণভাবে রোহিঙ্গাদের অবহিত করতে হবে এবং তাদের সঙ্গে কোনো আলোচনায় না বসে অতিদ্রুত নেয়া এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। তিনি বলেন, ভাসানচরে পূর্ব অনুমতি ছাড়া কোনো মানবাধিকার সংস্থা বা সাংবাদিক প্রবেশ করতে পারে না। বিষয়টি মানবাধিকারের জন্য উদ্বেগের। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলোর ভাসানচরের পরিস্থিতি সম্পর্কে পূর্ণ স্বাধীন পর্যবেক্ষণের পরই স্থানান্তরের প্রক্রিয়ার বিষয়ে ভাবা উচিত। অ্যামনেস্টির দাবি, কিছু রোহিঙ্গা শরণার্থী ইতোমধ্যেই ভাসানচর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি তাদের নিজ পরিবার ও সম্প্রদায় থেকে আলাদা করে দেবে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক নির্বাহী ব্র্যাড অ্যাডামস বলেন, ‘মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা পূর্ণ সবুজ সংকেত না দেয়া পর্যন্ত বাংলাদেশ সরকার জাতিসংঘের কাছে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর না করার অঙ্গীকার করেছি। যদি সরকার ভাসানচরের বাসযোগ্যতা সম্পর্কে সত্যিকারভাবেই নিশ্চিত থাকে তবে কর্তৃপক্ষের উচিত স্বচ্ছ থাকা ও তাড়াহুড়ো না করা।

রিফিউজি ইন্টারন্যাশনালের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ আইনজীবী ড্যানিয়েল সুলিভান রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনাকে ‘অ-দূরদর্শী ও অমানবিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। সংস্থাটি ভাসানচরকে ‘গণআটক কেন্দ্র’ বলে অভিহিত করে জানায়, এই দ্বীপে রোহিঙ্গাদের সাইক্লোনসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে।

এর আগে জাতিসংঘ বলেছে তারা সরাসরি রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে যুক্ত নয় কিন্তু সরকারের অনুমতি পেলে নিরাপদ স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিতে চায়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসজি তিরিংক বলেছেন, ভাসানচরে জাতিসংঘের পূর্ণ প্রবেশাধিকার ব্যতীত স্থানান্তর নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।