‘কাজ চাই, ভাত চাই, পাথর কোয়ারি সচল চাই, পাথর কোয়ারি বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারি পরিবেশ সম্মত ও সনাতন পদ্ধতিতে সচল করার দাবিতে জাফলংয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে জাফলংয়ের মামার বাজার এলাকার পিউলির মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে, পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে গতকাল সকাল থেকেই বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে লোকজন জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন এ দেশটা হবে কৃষক ও শ্রমিকের। কিন্তু দূর্ভাগ্যবশত স্বাধীনতার ৪৮ বছর পরেও আমাদের ভাত কাপড়ের আন্দোলন করতে হয়। যে পাথর কোয়ারি বঙ্গবন্ধু আবিস্কার করেছেন, সেই কোয়ারি কখনো বন্ধ করতে দেয়া যাবে না।
বক্তারা বলেন, সিলেটের জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, লোভা, উৎমা ও শ্রীপুর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে এ অঞ্চলসহ দেশের প্রায় ১০ লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।
বৃহত্তর সিলেট পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাব্বির আহমদ ফয়েজ এবং ছাত্রলীগ নেতা সোহেল আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নুরুল আমিন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মৌলভীবাজার ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি এবং মৌলভীবাজার বাস মালিক সমিতির সভাপতি মো. রশিদ উদ্দিন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাব্বির আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সামছুল আলম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাসুক আহমদ প্রমুখ।
