ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে পাঁচজন নতুন খেলোয়াড়কে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি, লেগ স্পিনার মিচেল সুইপসন ও পেসার মাইকেল নেসার এর আগেও টেস্ট দলে ডাক পেয়েছেন। তবে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার শন অ্যাবট ও স্পিনিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

উইল পুকোভস্কি ও ক্যামেরন গ্রিন শেফিড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন সম্প্রতি। তবে সবচেয়ে বেশি আলোড়ন হচ্ছে পুকোভস্কিকে নিয়ে। তিনি অভিজ্ঞ মার্কাস হ্যারিসকে নিয়ে কদিন আগেই শেফিল্ড শিল্ড ইতিহাসের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন। এই দুজনে ছাড়িয়ে গেছেন ৩০ বছর আগে স্টিভ ও মার্ক ওয়াহর গড়া জুটিকে। অ্যাডিলেডে ভিক্টোরিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েন হ্যারিস ও পুকোভস্কি। শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন পুকোভস্কি।

এক ম্যাচে ২৫৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি। ক্যামেরন গ্রিনও এবারের আসরে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৭ রানের ইনিংস, পাশাপাশি হাঁকিয়েছেন দুইটি ফিফটিও। গত ফেব্রুয়ারিতে তার ব্যাট থেকে এসেছিল ১৫৮* রানের ইনিংস।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, টিম পেইন (অধিনায়ক), জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।

ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে – ২৭ নভেম্বর, সিডনি
দ্বিতীয় ওয়ানডে – ২৯ নভেম্বর, সিডনি
তৃতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, ক্যানবেরা

প্রথম টি-টোয়েন্টি – ৪ ডিসেম্বর, ক্যানবেরা
দ্বিতীয় টি-টোয়েন্টি – ৬ ডিসেম্বর, সিডনি
তৃতীয় টি-টোয়েন্টি – ৮ ডিসেম্বর, সিডনি

প্রস্তুতি ম্যাচ – ৬ ডিসেম্বর, ওভাল
প্রস্তুতি ম্যাচ – ১১ ডিসেম্বর, সিডনি (দিবারাত্রি)

প্রথম টেস্ট – ১৭ ডিসেম্বর, অ্যাডিলেড (দিবারাত্রি)
দ্বিতীয় টেস্ট – ২৬ ডিসেম্বর, মেলবোর্ন
তৃতীয় টেস্ট – ৭ জানুয়ারি, সিডনি
চতুর্থ টেস্ট – ১৫ জানুয়ারি, ব্রিসবেন