তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাবর আজমের দল। সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ওপেনাররা। ২৬ রানেই ইমাদ ওয়াসিমের বলে সাজঘরে ফেরেন ব্রেন্ডন টেইলর। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। পাক বোলারদের তোপে ৮৭ রানের ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।
শেষদিকে ডোনাল্ড ট্রিপানোর ২৮ রানে ভর করে ১০০ পেরোয় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ২০ উইকেটে ১২৯ রান তুলতে পেরেছে তারা।
এ সিরিজেই অভিষেক ঘটেছে সাবেক পাক কিংবদন্তি আব্দুল কাদিরের ছেলে উসমান কাদিরের। প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে গেছেন এ লেগ স্পিনার। প্রথম ম্যাচে ১ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তিনি শিকার করেন ৩ উইকেট। আর সিরিজের শেষ ম্যাচে করেছেন আরও দুর্দান্ত বোলিং। ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রানের বিনিময়ে তিনি পেয়েছেন ৪ উইকেট।
১৩০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফখর জামান ও তিনে ব্যাটিংয়ে নামা হায়দার আলীর উইকেট হারিয়ে ১৫.২ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলে পাকিস্তান। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তরুণ ওপেনার আবদুল্লাহ শফিক। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৩৩ বলে ৪টি টার ও এক ছক্কায় অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন শফিক।
এছাড়া ১৫ বলে তিন চার ও তিন ছক্কায় ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন খুশদিল শাহ। ২০ বলে ২৭ রান করে আউট হন হায়দার আলী। অন্য ওপেনার ফখর জামান করেন ২৪ বলে ২১ রান।
