আম্পায়ারকে গালাগাল করে শাস্তি পেতে হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। মেজাজ হারিয়ে অশালীন ভাষা ব্যবহার করে তিনি আইসিসির আচরণ বিধি ভঙ্গ করেছেন। যে কারণে তাকে জরিমানা গুনতে হচ্ছে। রবিবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ম্যাচ ফির ৩৫ শতাংশ কাটা হবে সরফরাজের।
পাকিস্তানের চ্যম্পিয়ন্স ট্রফি জয়ী উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধ একাদশকে নেতৃত্ব দিচ্ছেন। নর্দানের বিপক্ষে ম্যাচে শনিবার আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। যে কারণে অশালীন মন্তব্য করে বসেন।
ম্যাচ শেষে মাঠে থাকা দুই আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও সাকিব খান এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। ম্যাচ রেফারি মোহাম্মদ আনিসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সরফরাজ। তাই আর বাড়তি শুনানির দরকার হয়নি। অন্য আরেকটি ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
