পুরোপুরি ফিট না থাকায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য প্লেয়ার ড্রাফট থাকা খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করছে বিসিবি।
এই টুর্নামেন্টের জন্য সাকিবসহ ১১৩জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। ফিটনেস পরীক্ষার জন্য বোর্ড ইতিমধ্যে সাকিবসহ ১১৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় মাশরাফির নাম ছিল না। আকরাম বলেন, ‘আমরা যে রিপোর্টটা পেয়েছি, তাতে সে আপাতত ফিট নয়। যখন ফিট হবে, তখন আমরা ব্যবস্থা নেব। যেহেতু সে ফিট নয়, তাই সে ফিটনেস টেস্ট দিতে পারবে না।’
গত মার্চে অধিনায়কত্ব ছাড়ার শেষ সিরিজের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মাশরাফি। তিনি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু গত ১৬ অক্টোবর সিটি ক্লাব মাঠে তিনি ব্যক্তিগত অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। স্ক্যান করার জন্য বিসিবির চিকিৎসক ও ফিজিওর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল মাশরাফিকে। তবে তাঁর মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজা করোনায় আক্রান্ত হওয়ায় তিনি কোয়ারেন্টিনে আছেন।
