চট্টগ্রামের সিআরবির জোড়া খুন মামলার আসামি হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম লিমনকে অস্ত্র মামলায় রিমান্ড আবেদন নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, অস্ত্র মামলায় লিমন ও তার সহযোগি সজল দাশকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। শুনানি শেষে আদালত সজলকে দুইদিনের রিমান্ড ও লিমনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ ও কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন।

তিনি বলেন, সম্প্রতি আদালত ভবনে সুদীপ্ত হত্যার এক আসামিকে মারধরের ঘটনায় লিমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। পাশাপাশি তার বিরেুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিরও অভিযোগ আছে। সিআরবি এলাকায় অভিযান চালিয়ে লিমনের সহযোগি সজল দাশ (২৩) নামে একজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা আলী হোসাইন।

২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়।

এ ঘটনায় করা মামলায় ২০১৮ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া অভিযোগপত্রে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছে লিমনের নাম।

রেলের কোটি টাকার দরপত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার দিন লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এ মামলায় জামিনে আসেন।