আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মস্তিষ্কের বাম দিকে রক্ত জমাট বেঁধে থাকায় চিকিৎসকরা গত মঙ্গলবার তার দ্রুত অপারেশন সম্পন্ন করেছেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ম্যারাডোনার সফল অপারেশন হয়েছে। অপারেশনের শারীরিক ধকল তিনি প্রাথমিকভাবে সামলে নিতে পেরেছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

ম্যারাডোনার চিকিৎসক লিপোলদো লুক বলেছেন, সফলভাবে আমরা জমাট রক্ত সরাতে পেরেছি। ডিয়েগো অপারেশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। সবকিছু নিয়ন্ত্রণে আছে। রক্ত সরে যাচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২০০৫ সালে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির কারণে তার অ্যামিনিয়ার ঝুঁকি বেড়েছে

নিউরোসার্জন রাউল মাতেরা টিওয়াইসি স্পোর্টসে বলেছেন, রক্ত সরিয়ে নিতে অপারেশনে ছোট্ট একটু কাটাকাটি করতে হয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই রোগী হাসপাতাল ছাড়তে পারেন।’

এদিকে, ম্যারাডোনার অসুস্থতার খবর আর্জেন্টিনাজুড়ে ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ হাসপাতালের সামনে এসে জড় হয়েছে। তাদের কণ্ঠে, ব্যানারে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে—চারদিকে একটাই কথা, ফুয়েরসা দিয়েগো বাংলায় অর্থটা অনেকটা দাঁড়ায় সৃষ্টিকর্তা আপনাকে শক্তি দিন, ডিয়েগো।

নিজের ভাইয়ের সেরে ওঠার পরের সময় নিয়ে সন্দিহান ডিয়েগো ম্যারাডোনার ভাই উগো ম্যারাডোনা। টিওয়াইসি স্পোর্টসে হাসতে হাসতে তিনি বলেছেন, নিশ্চিত আগামীকাল ও আবার উল্টোপাল্টা করা শুরু করবে। ও সবার বড় কিন্তু দেখে মনে হয় ওই সবার ছোট

ঠিক কী ধরনের শারীরিক অসুস্থতার কারণে ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ ব্যাপারে তার চিকিৎসক লিপোলদো লুক সাংবাদিকদের প্রথমে কিছু না বললেও পরে তিনি নিজেই মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানিয়ে বলেন তার অপারেশন করতে হবে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক অস্ত্রোপচার করানোর বিষয়ে মারাডোনা নিজেই সায় দিয়েছিলেন বলেও জানানো হয়।অপারেশনের জন্য ম্যারাডোনাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে এক ঘণ্টা দূরত্বের ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছিল।

ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনার পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার সাবেক স্ত্রী ও দুই মেয়ে জিয়ান্নিনা আর দালমার মা রোসিও অলিভা অভিযোগ করেছিলেন, ভেরোনিকা ওহেদার সঙ্গে তার বর্তমান পরিবারের সদস্যরা জিয়ান্নিনা ও দালমাকে ম্যারাডোনার সঙ্গে দেখা করতে দেননি। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জিয়ান্নিনা হাসপাতালে ম্যারাডোনার সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে বের হয়ে জিয়ান্নিনার টুইটে লিখেছেন, ‘মাত্রই ক্লিনিক থেকে বের হলাম। আমার বাবা, আমার বোন আর আমাকে প্রতিনিয়ত ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যারা তার জন্য প্রার্থনা করছেন, তাদেরও ধন্যবাদ

আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক মুখপাত্র কোপোলা বিষয়টি নিয়ে বলছিলেন, পরিবার আর মাঠ- এ দুটোই ম্যারাডোনাকে বাঁচাতে পারে

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ডিয়েগো ম্যারাডোনাকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কয়েকদিন আগেই ৬০তম জন্মদিন পালন করা ম্যারাডোনা গত শুক্রবার সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন। জন্মদিন উপলক্ষে তিনি ক্লাব জিমনাসিয়ায় এসে কেক কেটে তা উদযাপনও করেছিলেন। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় খেলা না দেখেই তিনি বিদায় নেন।