আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়ানডে সিরিজে বেন স্টোকস-জোফরা আর্চার ও স্যাম কারানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাদের। এ মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
করোনার কারণে গত মার্চ থেকে বিশ্ব ক্রিকেট বন্ধ ছিল। তবে গত ৮ জুলাই থেকে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরায় ইসিবি। ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সিরিজ খেলে। তাই দীর্ঘদিন ধরে দলের সাথে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এছাড়া চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটেও খেলেছেন অনেক ক্রিকেটার। এর মধ্যে আছেন স্টোকস-আর্চার ও কারানও।
দীর্ঘদিন ধরে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় স্টোকস-আর্চার ও কারানকে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে রাখেনি ইসিবি। টি-টুয়েন্টি সিরিজে রাখা হয়েছে তাদের। এ ব্যাপারে ইসিবি নির্বাচক এড স্মিথ বলেন, ‘দীর্ঘদিন ধরেই জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আছেন অনেক ক্রিকেটার। ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তারা। তাই তিন ক্রিকেটারকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে।’
আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টুয়েন্টি দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের বাকি দু’টি টি-টুয়েন্টি। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ ও ৯ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।
ইংল্যান্ডের টি-টুয়েন্টি স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টপলে ও মার্ক উড।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ওলি স্টোন, রেসে টপলে, ক্রিস ওকস ও মার্ক উড।
