জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মরত মুসলিম পুরুষদের জন্য টাখনুর উপর পোশাক ও নারীদের হিজাব পরিধানের পাশাপাশি অফিসে মোবাইলের রিংটোন বন্ধ রাখতে প্রজ্ঞাপন দিয়েছিলেন ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।

কিন্তু এরপর আজই (বৃহস্পতিবার) তাকে এর প্রেক্ষিতে শোকজ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন কার্যদিবসের মধ্যে ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শাতে বলা হয়।

এর আগে বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’