হেমন্তের আগমনে প্রকৃতি শীতের বার্তা দিতে শুরু করেছে। দেশের বেশকিছু গ্রামগঞ্জে দেখা মিলছে হালকা কুয়াশা ও শিশিরের। রাজধানীতে শেষ রাতে কিছুটা শীত অনুভব করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে সূর্যের তীব্রতা।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের বিদায়ের পর থেকে প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে। এরপর থেকে দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাচ্ছে না আবহাওয়া অফিস।