জুভেন্টাসের বিপক্ষে আজ মাঠে নামছে বার্সেলোনা। তার আগেই প্রবল চাপে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।

স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিওনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে। সেই বার্সা মহাতারকার বিরুদ্ধে নামার আগে সতর্ক জুভেন্টাসের নতুন গুরু আন্দ্রেয়া পিরলো। তিনি বলেন, “কোচ হিসেবে প্রথম মেসিকে থামানোর পরীক্ষা।

মেসির প্রাপ্য সম্মান অবশ্যই দেব।” করোনার কারণে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। এরই মধ্যে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ডাচ কোচ রোনাল্ড কোমান। তুরিনে এই সফরে জেরার্দ পিকে কিংবা ফিলিপ্পে কুতিনহো তার দলে জায়গা করতে পারেননি।

এক ম্যাচের জন্য নিষিদ্ধ পিকে। আর কুতিনহো পেয়েছেন চোট। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ও স্যামুয়েল উমতিতিও নেই এই দলে।

এই ম্যাচে মাত্র দুজন সেন্ট্রাল ডিফেন্ডার পাচ্ছেন কোমান- ক্লেমন্ত লংলে ও রোনাল্ড আরাউজো। বাদ পড়েছেন মাথিউস ফের্নান্দেস। টের স্টেগেনের অনুপস্থিতিতে সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ কিছু করার সুযোগ পাচ্ছেন গোলকিপার নেতো।

উল্লেখ্য, অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয় বার্সেলোনা। তুরিনে কখনও জুভেন্টাসকে হারাতে পারেনি তারা। ১৯৭০-৭১ ফেয়ার্স কাপ থেকে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত জুভদের কাছে কাতালানরা তিনটি হার ও তিনটি ড্র’র স্বাদ পেয়েছে।