রাজধানীর আড়তগুলোতে জমে উঠেছে মৌসুমি ফল বিক্রি। আমদানি বেশি থাকায় বেশকিছু ফলের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। বিক্রিও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সরকারের বিভিন্ন কর্মসূচি নেয়ায় দেশে বেড়েছে দেশি-বিদেশি নানা জাতের ফলের চাষাবাদ। এতে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ফলের সমারোহে ভরপুর থাকে রাজধানীর ফলের আড়তগুলো। ফলে কমেছে সব ধরনের ফলের দাম।

বছরজুড়ে পাওয়া যায় থাই জাতের পেয়ারা। মান অনুযায়ী প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা। পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, জামবুরা প্রতিপিস ২০-৩০ এবং মৌসুম না হলেও সারা বছরই কম বেশি চাষ হওয়া তরমুজ পাইকারিতে বিক্রি হয় ৪০-৬০ টাকা কেজি দরে।

ভরা মৌসুম এখন কদবেলের। দেশের ফরিদপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা থেকে আসা এসব কদবেল আকার অনুযায়ী প্রতি পিস বিক্রি হচ্ছে ৫ থেকে ১৫ টাকা। অন্যদিকে প্রায় ৪০ জেলায় চাষ হচ্ছে মরুর ফল ড্রাগন। আমদানি বেড়ে যাওয়ায় ক্যাটাগরি অনুযায়ী প্রতি কেজিতে ২০-৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া চুয়াডাঙ্গায় চাষ করা সৌদির সাম্মান ফলের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা কেজি।

পাইকারিতে বড় আকারের প্রতিপিস আনারস ৩৫ টাকা ও মিষ্টি বেশি ছোট আকারের জলডুগি আনারস প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ টাকায়।