গোপালগঞ্জ সদরের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা নুর ইসলাম (২৪) ও রবিউল শেখ (২২) নামে দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপন দাবি ও মারধরের অপরাধে ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ওই ২ পর্যটককে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বলেন, বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেন, শনিবার বিকেলে টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা ২ পর্যটককে একদল সন্ত্রাসী অপহরণ করে। করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দ্রুত না আসায় তাদের মারধর করা হয়। সংবাদ পেয়ে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে রাত ১০টার দিকে ৪ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আর অপহৃত পর্যটকদের উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী দলের নেতা মান্না সরদারসহ আরো কয়েকজন পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
