কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত সালাম একজন ‘চিহ্নিত মানব পাচারকারি’। তার বিরুদ্ধে মানবপাচারের তিনটি এবং মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।আজ রবিবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুস সালাম (৩০) বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়ার হাকিম আলীর ছেলে। দীঘদিন ধরে ওই ব্যক্তি পলাতক ছিলেন।পুলিশ জানায়, সালামসহ আরও কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের গোপন তথ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সস্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, ছয়টি গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।