খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় গভীর রাতে পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাড়ি দুটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুরের মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে পিকআপ দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
​স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ রাখা হয়, যেগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনে ব্যবহৃত হয়। প্রতিদিনের মতো বুধবার রাতেও গাড়িগুলো সেখানে পার্কিং করা ছিল। রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এর মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
​পিকআপচালক রিটেন ত্রিপুরা বলেন, প্রতিদিনের মতো রাতে বাড়ির পাশেই চারটি গাড়ি রাখা হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে দুটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
​খাগড়াপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
​এ বিষয়ে খাগড়াপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে।