জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে সাইবার হামলার আশঙ্কায় সেটি সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সার্ভারটি বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সার্ভার চালুর জন্য কারিগরি দল কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভারটি চালু করা হবে।
এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তা জারি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির প্রায় এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এরপর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারের বিভিন্ন ওয়েবসাইটসহ বিশ্বের বহু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা ত্রুটি মোকাবিলায় কারিগরি কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের এনআইডি সার্ভার পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

মন্তব্য করুন