নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, সোরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পিয়াস ও সুমন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বয়লার বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।