কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়নকাজের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বর্তমানে ব্যবহৃত ‘ওরাকল ১১জি’ ডেটাবেজ থেকে ‘ওরাকল ১৯সি’ সংস্করণে উন্নীত করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় এ উন্নয়নকাজ শুরু হয়ে শনিবার রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর ফলে নির্ধারিত সময়ে ব্যাংকটির গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণে সমস্যায় পড়তে পারেন। তাই জরুরি লেনদেনসহ প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন