এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার চেষ্টা করছে, যাতে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় পর্যায়ে রাখা যায়।

তিনি বলেন, এমন সংকটের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ধর্মঘট করে দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। কেউ এ ধরনের উদ্যোগ নিলে সরকার বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের আলোচনার টেবিলে বসে বিরোধ মিটিয়ে ফেলা উচিত।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব বিষয় নিয়েই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।