জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজপথের প্রতিবাদ রূপ নিয়েছে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটে। একদিনেই গ্রেপ্তার হয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন। গত এক মাসে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় এক হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তাকর্মীর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
এদিকে, সহিংসতায় প্রায় দেড় হাজার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাটের কোনো যৌক্তিকতা নেই। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
তবে জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া এই আন্দোলন কেন এতটা সহিংস হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন