রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান চালানো হয়।

প্রতিমন্ত্রীর জনসংযোগ দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটক ব্যক্তিদের কাছে পাওয়া সাদা পাউডারজাতীয় পদার্থ হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

অভিযান শেষে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে যে দলের লোকই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এ সমস্যা মোকাবিলায় গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে প্রতিমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, কাউকে মারধর করা হবে না। তাঁদের থানায় নেওয়া হবে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অপরাধের শাস্তি বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন করেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন। উদ্ধার করা পদার্থের পরিচয় পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।