সৌদি আরবে হুথিদের চলমান হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান জানিয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের পরামর্শ দিয়েছে বিমান। যাত্রীচাপ সামাল দিতে মদিনা রুটে ১৮ অক্টোবর পর্যন্ত অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করা হবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটের ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, সালামএয়ার, এয়ার ইন্ডিয়া ও ইজিপ্টএয়ারের ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী যাত্রীরাও সমস্যায় পড়েছেন।