দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তাহলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করে সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’
যুবসমাজের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণেরা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন—দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোতে তরুণেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও তাদের মেধা, সাহস, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে হবে।
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ তহবিল বাস্তবায়নে কাজ চলছে। মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধিকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া দেশের ৪৩২টি যুব সংগঠনকে কার্যক্রম পরিচালনার জন্য দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।

মন্তব্য করুন