রাজধানীর গুলশান-২ এলাকায় ‘জার্মান ক্লাব’ পরিচয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি’তে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো বার লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ‘জার্মান ক্লাব’ নামে কোনো বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।
অভিযানে ২২৩ বোতলে ১৭৭ লিটার বিদেশি মদ এবং ২০৯টি বোতল ও ক্যান থেকে ৬৭ লিটার বিয়ার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মদ ও বিয়ারের পরিমাণ ২৪৪ লিটার।
ডিএনসি জানায়, প্রতিষ্ঠানটিতে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব আয়োজনে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।
জব্দ করা মদ ও বিয়ারের বৈধতার প্রমাণ দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওমর জামিল নামে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁর পাশাপাশি অজ্ঞাতপরিচয় অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার আতাউর রহমান শামীম, পলাতক ওমর জামিল এবং অজ্ঞাতপরিচয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন