ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, ভারতের পাঞ্জাবের কাপুরথালায় তৈরি কোচগুলো গত ১২ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এরপর কোচগুলো নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং একটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার পর কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই করা হবে। এসব প্রক্রিয়া শেষে যাত্রীবাহী ট্রেনে কোচগুলো যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) চুক্তি অনুযায়ী, বাংলাদেশে মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহ করার কথা রয়েছে। ১৮টি কোচের এই চালান সেই চুক্তির আওতায় প্রথম চালান।

আধুনিক এসব কোচ ট্রেনে যুক্ত হলে যাত্রীসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।