কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, পরে দুপুর ১টা ৪২ মিনিটে তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে পাঁচ কনস্টেবল ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) দুটি সিএনজিচালিত অটোরিকশায় টহলে বের হন। আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন।
পরে টহল দলের প্রধান এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। পরবর্তী সময়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়।

মন্তব্য করুন