সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। তাঁর দাবি, সম্পর্কের সময় ওই ব্যক্তি তাঁকে চড়-থাপ্পড় মারতেন, পোশাক নিয়ে আপত্তি করতেন এবং চলাফেরার ওপর নজরদারি চালাতেন। এমনকি একপর্যায়ে শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন নীতি। তিনি জানান, বয়স কম থাকায় প্রেমিকের নানা প্রশ্নের জবাব দিতে এবং নিজের প্রতিটি কাজের ব্যাখ্যা দিতে বাধ্য বোধ করতেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একবার সাবেক প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পরিবেশ ভালো না লাগায় বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। যাওয়ার আগে প্রেমিককে জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নীতি অভিযোগ করেন, বন্ধুরা গাড়িতে অপেক্ষা করলেও প্রেমিক তাঁকে যেতে দিতে চাননি। পরে বাড়ির বাইরে তাঁর হাত ধরে টানাটানি করেন, ধাক্কা দেন এবং চড় মারেন।
অভিনেত্রীর দাবি, ঘটনাটি ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল। বন্ধুরা তাঁকে সাহায্য করতে এগিয়ে এলে তাঁরা সেখান থেকে নীতিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর ভাষ্য, নিরাপত্তারক্ষীও জানিয়েছিলেন, এর আগেও সেখানে এমন ঘটনা ঘটেছে।
নীতি আরও জানান, বাড়ি ফিরে যাওয়ার পরও সাবেক প্রেমিক চিৎকার করতে থাকেন। বন্ধুদের সঙ্গে কেন চলে এসেছেন, তা নিয়ে তিনি আপত্তি জানাচ্ছিলেন। একপর্যায়ে হাতে থাকা সিগারেট দিয়ে নীতির শরীরে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। তাঁর দাবি, সেই ক্ষতের দাগ এখনো রয়ে গেছে।
নীতির এই বক্তব্য ঘিরে তাঁর অতীত সম্পর্ক ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সাবেক প্রেমিকের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
