বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের সিদ্ধান্ত একসময় মন খারাপের কারণ হয়েছিল অসংখ্য ভক্তের। ক্যারিয়ারের শীর্ষে থাকতেই ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করেন তিনি। এত বছর পর সেই বিয়ে নিয়ে মজার ছলে মন্তব্য করেছেন অভিনেত্রী।

সম্প্রতি মারাঠি সংস্করণের ‘কৌন বনেগা কোটিপতি’র গ্র্যান্ড প্রিমিয়ার পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অনুষ্ঠানের সঞ্চালক মাধুরীর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সোনালী বলেন, তাঁর বিয়ের সময় বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের মন ভেঙে গিয়েছিল।

এ কথা শুনে হেসে ওঠেন মাধুরী। এরপর স্বামীর পেশার প্রসঙ্গ টেনে রসিকতা করে তিনি বলেন, ‘সেই কারণেই তো আমি এমন একজনকে বিয়ে করেছি, যে ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে!’ তাঁর এই বুদ্ধিদীপ্ত মন্তব্যে অনুষ্ঠানের দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

১৯৯৯ সালে শ্রীরাম নেনেকে বিয়ের পর মাধুরী যুক্তরাষ্ট্রে গিয়ে স্বামী ও দুই সন্তান আরিন এবং রায়ানকে নিয়ে সংসার শুরু করেন। তবে দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরেন তিনি। ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন এই অভিনেত্রী।

এরপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দেড় ইশকিয়া’, ‘গুলাব গ্যাং’, ‘টোটাল ধামাল’ ও ‘কলঙ্ক’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পান তিনি। পাশাপাশি মারাঠি সিনেমা এবং ওটিটি মাধ্যমেও কাজ করেছেন মাধুরী।

‘দ্য ফেম গেম’ সিরিজে অভিনয়ের পাশাপাশি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে। দীর্ঘ অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে এখনো বিনোদন অঙ্গনে সক্রিয় রয়েছেন এই তারকা।