৩৫ বছর বয়সের পর কেউ যেন আইনজীবী হতে না পারেন, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়টি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্টার্নদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রতিদিনের জীবন থেকে শিক্ষা নেওয়া এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত অর্জিত অভিজ্ঞতাই শিক্ষার অংশ। সেই বিবেচনায় ইন্টার্নশিপে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

মন্তব্য করুন