পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। ভবনের ভেতরে জমে থাকা তীব্র তাপের কারণে এখনো জানালার কাচ ভেঙে পড়ছে। আগুনে পোড়া গন্ধ ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে আছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে ঘটনাস্থল ঘুরে এসব চিত্র দেখা যায়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানানো হয়। তবে ভবনের ভেতরে থাকা মালামাল সরানো এবং আগুনের অবশিষ্ট অংশ পুরোপুরি নির্বাপণের কাজ এখনো চলছে।

সরেজমিনে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ভবনের নিচতলার কয়েকটি দোকানের মালিককে সড়কে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। এ সময় ভবনের ওপরের তলার জানালার কাচও মাঝেমধ্যে ভেঙে পড়ছিল।

নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগুন নির্বাপণের কাজে ব্যবহারের জন্য ওয়াসার পানিবাহী গাড়িতে করে পানি আনতেও দেখা গেছে।

মঙ্গলবার সকালে ভবনটির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে গুদামে থাকা মালামাল সরানো এবং আগুন পুরোপুরি নির্বাপণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ভবনটির ষষ্ঠ তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তম তলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণ এবং ভবনের ভেতরে থাকা মালামাল সরানোর কাজ শেষ না করা পর্যন্ত ঘটনাস্থলে কার্যক্রম চালিয়ে যাবেন।