টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে। ছবিটির প্রচারণায় ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, বিয়ের জন্য কেমন জীবনসঙ্গী পছন্দ তাঁর।

মিমির মতে, জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। শুধু স্বামী নয়, তিনি চান তাঁর সঙ্গী যেন একজন ভালো বন্ধুও হন। পাশাপাশি হতে হবে হাসিখুশি ও আনন্দপ্রিয়। মিমি নিজে ঘুরতে ভালোবাসেন, তাই তাঁর জীবনসঙ্গীর মধ্যেও ভ্রমণের প্রতি আগ্রহ থাকা জরুরি।

তবে জীবনসঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে সন্তানদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন অভিনেত্রী।

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে মিমি জানান, অন্যদের বিয়ের অনুষ্ঠানে যেতে তাঁর বেশ ভালো লাগে। বিশেষ করে বিয়ের খাবারের তালিকায় নিরামিষ পদের আয়োজন বেশি থাকলে তিনি খুশি হন। তবে নিজের বিয়ে নিয়ে এখনই বিশেষ কিছু ভাবছেন না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।

চরিত্রটির প্রস্তুতি সম্পর্কে মিমি জানান, পরিচালক তাঁকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র পুপে চরিত্রের উদাহরণ দিয়েছিলেন। সেই সূত্র ধরে চরিত্রটি নিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি।