চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও রাউজানসহ জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সাংবাদিকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা চেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম, বিপিএম।

​সোমবার রাতে নগরীর টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের (টিসিজেএ) বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “পুলিশ ও সাংবাদিক উভয়েই সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা এবং সত্য প্রকাশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ দুই পেশার পেশাগত যোগাযোগ ও মেলবন্ধন অত্যন্ত জরুরি। জঙ্গল সলিমপুর ও রাউজানের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে অপরাধীদের মূলোৎপাটন করতে হলে সাংবাদিকদের সঠিক ও দায়িত্বশীল তথ্য দিয়ে পাশে থাকা প্রয়োজন।”

​সাংবাদিকদের ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন কর্মব্যস্ত জীবনের মানসিক ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেন তিনি।

​টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সনজীব দে বাবু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন। এছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব এবং সাবেক সহসভাপতি আলী আকবর প্রমুখ বক্তব্য রাখেন।

​অনুষ্ঠানে টিসিজেএর নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম পর্বের বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।