চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ওই কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাশেদুল আনোয়ার টিপুর মৃত্যু হয়। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিষক্রিয়াজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
