ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ ৯ বছর কর্মরত থাকা এক উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সংবাদ প্রকাশের পর অবশেষে তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তার অনিয়ম ও বিপুল সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দৈনিক বাংলাদেশ মিডিয়ায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ২০ দিনের মাথায় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।

সোমবার (৩০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা কাইছার আলমকে জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুযোগে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছিল।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।