কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এই তদারকি চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছয়সূতী বাজার, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা এবং বড়খারচর মোড়সহ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্রে ভ্রাম্যমাণ এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। অভিযানের সময় খুচরা ও পাইকারি পর্যায়ের একাধিক তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।

তদারকির সময় ব্যবসায়ীদের কাছে মজুত থাকা তেলের পরিমাণ, বিক্রয়মূল্য এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে তেল বিক্রি কিংবা অবৈধভাবে মজুদ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজারে অস্থিরতা তৈরির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের নজরদারি নিয়মিত চালু রাখা হবে। তিনি জানান, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং ভোক্তারা স্বস্তি পাবে।