রাঙামাটির বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. নূর কবিরকে (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) রাতে বিজিবির একটি টহল দল তাকে আটক করে থানায় হস্তান্তর করে। এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মুসলিম ব্লক এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নূর কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন (একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন), একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নূর কবির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। তিনি বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
ইয়াবাসহ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শনিবার (২৮ মার্চ) সকালে নূর কবিরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বাঘাইছড়ি পৌর শাখা যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বিষয়ে পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক বলেন, “আমাদের দলে মাদক বা অনৈতিক কাজের কোনো স্থান নেই। অপরাধী যেই হোক, দল তার দায়ভার নেবে না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় আমরা তাকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বহিষ্কার করেছি।”
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান, বিজিবি আটক ব্যক্তিকে মালামালসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
